দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে ফুয়াদ হাসান চৌধুরী রোহান (২০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদসী ইউনিয়নের বক্তারপুর গ্রামের ফিরোজ সরদার বাবু (৩৪), রিয়াজ সরদার (২৩) ও সমেশপুর গ্রামের শরীফ (২৭)।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বিকেলে মুঠোফোনে কল করে রোহানকে ডেকে নেওয়া হয়। জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি। পরে মরদেহ যেন পানিতে ভেসে না ওঠে, সে জন্য পেট কেটে বালুভর্তি বস্তা বেঁধে একটি ডোবায় ফেলে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
গত ৮ অক্টোবর পাকুড়িকান্দা গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১৭।
পুলিশ আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে আজ ভোর ৪টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, গামছা, টি-শার্ট ও নিহত রোহানের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএস/